দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে সিলেট, ঢাকা ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, সচেতনতার অভাব এবং সংক্রমিত শিশুদের দ্রুত আলাদা না করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা শিশুদের দ্রুত হাম প্রতিরোধী টিকা দেওয়ার পাশাপাশি আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ে নজরদারি ও বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের জ্বর, র্যাশ বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ