যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা চৌকির কাছে বন্দুকধারীর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারীও।
স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন একটি নিরাপত্তা চেকপয়েন্টে এ ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে নিয়ে চেকপয়েন্টের দিকে এগিয়ে আসে। পরে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে বন্দুকধারী গুরুতর আহত হয়। পরে তাকে জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ঘটনার পরও প্রেসিডেন্ট স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
গুলির ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পাল্টা অভিযানের সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন :
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, আটক ২৩
ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউস এলাকায় জরুরি লকডাউন জারি করা হয়। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ড সদস্যদের। আল জাজিরার প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট জানান, হোয়াইট হাউসের নর্থ লনের কাছ থেকে অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সে সময় সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি ‘স্টে-অ্যাওয়ে অর্ডার’ জারি করা হয়েছিল, যা অমান্য করেই সে হোয়াইট হাউস এলাকায় প্রবেশ করে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনার তদন্তে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে তার সংস্থা। এছাড়া মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন এবং হাউস মেজোরিটি লিডার স্টিভ স্ক্যালিস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার পর এক মাসেরও কম সময়ের মধ্যে এটি তার নিরাপত্তা ঘিরে দ্বিতীয় বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ