| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগে পরিকল্পনায় বড় পরিবর্তন ইরানের

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1451 বার পঠিত
বিশ্বকাপের আগে পরিকল্পনায় বড় পরিবর্তন ইরানের

বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে ইরান। ভিসা জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে নির্ধারিত অনুশীলন ক্যাম্প সরিয়ে এখন মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করেছে দলটি। ফিফা ইতোমধ্যে এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

শনিবার ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফিফা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ক্যাম্প মেক্সিকোতে সরানোর অনুরোধ অনুমোদিত হয়েছে।

তাজ আরও জানান, “আমরা এখন প্রশান্ত মহাসাগরের কাছে তিহুয়ানায় থাকব, যা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি। সেখানে আমাদের দলের আবাসন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।”

তিনি উল্লেখ করেন, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট লাগে, যা টুসনের তুলনায় সুবিধাজনক। পাশাপাশি সরাসরি ফ্লাইট ব্যবস্থাও দলের যাতায়াত সহজ করবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ ও ভিসা প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। বিষয়টি নিয়ে এখনো পুরোপুরি নিশ্চয়তা না থাকলেও ইরান ফুটবল ফেডারেশন ফিফার নিয়ম ও প্রোটোকলের ওপর আস্থা রাখছে।

বর্তমানে দলটি তুরস্কের আন্তালিয়ায় প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছে। কিছু খেলোয়াড় ইতোমধ্যে আঙ্কারায় মার্কিন দূতাবাসে ভিসার আবেদন জমা দিয়েছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত মাসে ভ্যাঙ্কুভারে এক কংগ্রেসে বলেছিলেন, “ইরান বিশ্বকাপে খেলবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে। আমাদের লক্ষ্য মানুষকে একত্রিত করা।”

বিশ্বকাপে ইরান রয়েছে গ্রুপ জি-তে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪