| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ২

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1667 বার পঠিত
কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ২

কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালতের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান।

গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় মোহাম্মদ মঈনুদ্দিন, তিনি লিয়াকত আলী সিকদারের চাচাতো ভাই। আহত অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, নির্ধারিত মামলার হাজিরা দিতে তারা আদালতে আসেন। আদালত প্রাঙ্গণে পৌঁছালে ৬–৭ জন দুর্বৃত্ত হঠাৎ করে লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি দ্রুত আদালতের ভেতরে ঢুকে আত্মরক্ষা করেন।

তিনি আরও দাবি করেন, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ গুলি চালায় এবং স্থানীয় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

হামলার পর উপস্থিত লোকজন ধাওয়া দিয়ে দুইজন হামলাকারীকে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্য হামলাকারীরা মোটরসাইকেল ও সাদা রঙের একটি মাইক্রোবাসে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪