ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে নিচে চাপা পড়ে মোঃ হানিফ মাঝি (৩৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকারী। রোববার (২৪ মে) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মাঝি বরিশালের বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু বোঝাই করতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন হানিফ। পথে বিরাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসময় ট্রলিতে থাকা তার সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ