বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, তার কোনো ক্ষতি হলে এর দায় জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত বক্তা আমির হামজাকেই নিতে হবে।
রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ওয়াজ মাহফিলে আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এ প্রতিক্রিয়া জানান রাশেদ খান।
ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, অতীতে আমির হামজা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। টক শোতে এসব বক্তব্য তুলে ধরার কারণেই আমির হামজা তার ওপর ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের মাধ্যমে তাকে ‘হত্যাযোগ্য’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিলে সেটিকে রাজনৈতিকভাবেই দেখতেন, কিন্তু ধর্মীয় আবেগ ব্যবহার করে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া তার জীবনের জন্য হুমকি তৈরি করেছে।
তিনি আরও বলেন, আমির হামজার বক্তব্যের পর তার উগ্র সমর্থকরা মব তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ কারণে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা।
রাশেদ খান বলেন, যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।
হাফিজ/ আয়না নিউজ