ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক প্রবাসীর সন্তান। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ অনুযায়ী, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় প্রতিবেশী সহিদ মিয়া (৩৫) শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে তার ওপর নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত সহিদ মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
হাফিজ/ আয়না নিউজ