আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার মুসলিম বিশ্বের কাছে যা ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই ভিড় জমেছে মুসল্লিদের। খুতবার আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য এবং রমজানের শিক্ষা তুলে ধরবেন।
জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তির জন্যও প্রার্থনা করবেন মুসল্লিরা।
রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক গুরুত্বপূর্ণ সময়। জুমাতুল বিদার মাধ্যমে এই বরকতময় মাসকে কার্যত বিদায় জানানো হয়। আজকের দিন শেষে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসেরও সমাপ্তি ঘটছে।
এদিকে, রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামীকাল শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানরা আনন্দ ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।