সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শহর থেকে গ্রাম—সবখানেই বিরাজ করছে আনন্দের আমেজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ঈদের জামাতে অংশ নিচ্ছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত সম্পন্ন হয়েছে। এখনও আরও তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিটি জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় আয়োজিত এই জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান জামাতে অংশ নেওয়া মুসল্লিরা দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।