দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (২১ মার্চ) শনিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে। এ উপলক্ষে মাঠে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মুসল্লিদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, পর্যাপ্ত পানি ও অজুর ব্যবস্থা, নিরাপত্তা জোরদারসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবারও প্রায় ৩৫ হাজার মুসল্লিকে একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে অবস্থান করবে।
ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর এই প্রধান ঈদ জামাতকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।