দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারও শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়নি।
শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১৬৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ঢাকায় চারজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৫১৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট ৭৬ হাজার ৮৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ জন।
এদিকে, একই সময়ে দেশে ৯ হাজার ৫০৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাফিজ/ আয়না নিউজ