পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। পবিত্র এই জুমায় অংশ নিতে সকাল থেকেই দলে দলে মুসল্লিরা মসজিদে সমবেত হন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নামাজ আদায়ের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা।
শুক্রবার ( ৫ মার্চ ) সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। আজানের ধ্বনি শোনার পরপরই মসজিদ প্রাঙ্গণে মানুষের ভিড় আরও বাড়ে। কেউ এসেছেন বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে, আবার কেউ একাই এসেছেন জুমার নামাজ আদায় করতে। দুপুর হওয়ার আগেই মসজিদের ভেতর ও বাইরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের অন্যান্য মসজিদে চলে যেতে দেখা গেছে।
নামাজ আদায় করতে আসা মুসল্লি একরামুল বলেন, রমজানের শুরু থেকেই আমি প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করছি। আজও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।
আরেক মুসল্লি সাইফুল হক বলেন, বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায় করলে একধরনের প্রশান্তি পাওয়া যায়। রমজান মাস সওয়াবের মাস, তাই মনের তৃপ্তি ও বাড়তি সওয়াবের আশায় এখানেই জুমার নামাজ আদায় করতে এসেছি।
মুসল্লি আবু সালেহ বলেন, হাজার হাজার মানুষের সঙ্গে একত্রে নামাজ আদায় করার মধ্যে আলাদা এক আনন্দ ও তাৎপর্য রয়েছে।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। প্রবেশমুখগুলোতে সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।