| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইলাতুল কদর আজ

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 27200 বার পঠিত
লাইলাতুল কদর আজ

আজ ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।

ইসলামী শরিয়ত অনুযায়ী রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে ২৬ রমজানের দিবাগত রাতেই সাধারণত শবেকদর পালিত হয়। এ উপলক্ষে দেশে ২৭ রমজানে সরকারি ছুটি থাকে। চলতি বছর দিনটি মঙ্গলবার পড়েছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতেই মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেন। পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি স্বতন্ত্র সূরাও রয়েছে, যেখানে এ রাতের মহিমা ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে। ‘শবেকদর’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান, মর্যাদা বা ভাগ্য। অর্থাৎ শবেকদর মানে মর্যাদার রাত বা ভাগ্যরজনী। আর আরবি ভাষায় একে বলা হয় ‘লাইলাতুল কদর’, যার অর্থ সম্মানিত রাত।

ইসলামী বর্ণনা অনুযায়ী, এ রাতে মহান আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং বান্দাদের প্রতি রহমত বর্ষণ করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এ রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদরের রাতের ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও এ রাতে নিজেদের গুনাহ মাফ ও অধিক সওয়াবের আশায় গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে মুসলিম বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী রোববার বিকাল ৫টা ৩৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস।

দেশ ও জাতির শান্তি কামনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। তিনি সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগি করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

এদিকে পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবেকদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, পবিত্র শবেকদর উপলক্ষে দেশের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলোতেও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪