সংগীত পরিচালক রোশনলাল নাগরথ থেকে শুরু করে রাকেশ রোশান ও হৃতিক রোশান পর্যন্ত তিন প্রজন্ম দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড অঙ্গন। বলিউডের প্রভাবশালী কাপুর কিংবা বচ্চন পরিবারগুলোর মতো রোশান পরিবারের শেকড়ও অনেক গভীরে। এবার সেই পারিবারিক ধারা বজায় রাখতে চলচ্চিত্র অঙ্গনে পা রাখছেন হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশান।
বাবার মতো অভিনয়ে নয় বরং পর্দার পেছনের কারিগর হওয়ার লক্ষ্যে চলচ্চিত্র পরিচালনা বা ‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হৃদান। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদানের স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’এই খুশির খবরটি ভাগ করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হৃদানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় যে হৃদানকে আমরা ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখব। আমরা তার জন্য গর্বিত।’
স্কুল কর্তৃপক্ষের পোস্টের পাশাপাশি হৃতিকের পরিবারের পক্ষ থেকেও হৃদানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন ১৭ বছর বয়সী এই তরুণের হাত ধরে রোশন পরিবারের পারিবারিক ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে।