বসন্তের তপ্ত দুপুরে কাপুর ও আহুজা পরিবারের ঘর আলো করে এলো নতুন অতিথি। অনিল-কন্যা বলিউড ডিভা সোনম কাপুর গত ২৯ মার্চ দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্মের মধ্য দিয়ে আবারও মাতৃত্বের স্বাদ পেলেন।
বলিউডের 'প্রাইভেসি' ট্রেন্ডে আনুষ্কা শর্মা থেকে আলিয়া ভাট, অধিকাংশ তারকা মা-বাবাই নবজাতকের মুখ কিংবা ছবি আড়ালে রাখতে পছন্দ করলেও সোনম হাঁটলেন একদম উল্টো পথে। রাখঢাক না করে জন্মের পরপরই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন পরিবারের নতুন সদস্যের ছবি। সোনম কাপুরের বোন রেহা কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে আবেগে ভেসে ছবির ক্যাপশনে রেহা লিখেছেন, ‘তুমিই তো তোমার মা সোনমের মতো একজন ভালো মনের মানুষের চালিকাশক্তি।‘
এদিকে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দে সোনম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম। আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।‘