দেশে হামের প্রকোপের কারণে ৪৭ শিশুর মৃত্যু হওয়ায় আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা হাইকোর্টে রিট করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিট করেন।
রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে আদালতের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং গৃহীত পদক্ষেপসহ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। এছাড়া একটি স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠন করে টিকা প্রাপ্যতা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতির কারণ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, সময়মতো পদক্ষেপ না নেওয়া এবং টিকা সরবরাহে ব্যর্থতা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ লঙ্ঘন করে। আদালতকে আবেদন করা হয়েছে অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি কার্যকর করার নির্দেশ দিতে এবং স্কুলে সংস্পর্শ নিয়ন্ত্রণসহ তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে।