২৯ মার্চ থেকে ২ এপ্রিল দেশের পুঁজিবাজারে নিম্নমুখি প্রবণতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২ শতাংশ কমলেও এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২২ শতাংশ। বিশেষ করে বড় কোম্পানির শেয়ারে বেশি দরপতন দেখা গেছে।
বাজার বিশ্লেষণে গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৯৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়ায় যা আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৩১৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ২০৬টির ও দর অপরিবর্তিত ছিল ১২টির, আর অপরিবর্তিত ছিল ২২টির। ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, আল-আরফাহ ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের শেয়ার গত সপ্তাহে সূচকের পতনে অবদান রেখেছে।
ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৬৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ। চলমান মধ্যপ্রাচ্য সংকট এবং অভ্যন্তরীণ জ্বালানি ঘাটতি নিয়ে বিদ্যমান অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মনোভাব নেতিবাচক ছিল, যা বাজারজুড়ে বড় ধরনের শেয়ার বিক্রির চাপ তৈরি করেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ডিএসইতে গত সপ্তাহে পাঁচটি বাদে বাকি সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ ও অবকাশ খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ৩ দশমিক ৬ ও সিমেন্ট খাতে ৩ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। বিশেষ করে বড় কোম্পানিগুলোর শেয়ারে বেশি দরপতন দেখা গেছে।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ১ দশমিক ৪৩ শতাংশ কমে ১৪ হাজার ৭০১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১৪ হাজার ৯১৫ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৩১ শতাংশ কমে ৮ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে গত সপ্তাহে ১৮৮ কোটি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত ছিল ২৮টির।