ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেকের মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি প্রবাসী এস এম তারেক এবং আহত হন আরও দুইজন।
নিহত তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যে এ ধরনের হতাহতের ঘটনায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিহতের পরিবারকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে ৩ লাখ টাকা ও ১০ লাখ টাকা বীমা সুবিধা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, সরকারি সহায়তার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও কী ধরনের সহযোগিতা নিশ্চিত করা যায়, সে বিষয়েও কাজ চলছে।