বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি বড় অর্জন যোগ করলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন এই ডানহাতি পেসার।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান নাহিদ। সিরিজে মোট ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই পারফরম্যান্সই তাকে এনে দেয় প্রথমবারের মতো আইসিসির মাসসেরার স্বীকৃতি।
আরও পড়ুন :
বাংলাদেশ ফিল্ডিংয়ে বিশ্বে শীর্ষ তিন : আশিক
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন অর্জন তার জন্য বিশেষ গর্বের। তিনি জানান, সতীর্থদের সহযোগিতা ও বিশ্বাসই তাকে ভালো করতে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও দলের জন্য অবদান রাখতে চান।
আরও পড়ুন :
দ্বিতীয় টেস্টের আগেই ছিটকে যেতে পারেন সাদমান ইসলাম
সিরিজের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ান এই পেসার। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। পাওয়ারপ্লেতেই নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট। তৃতীয় ওয়ানডেতেও নেন আরও ২ উইকেট।
পুরো সিরিজে নাহিদের বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাকে এপ্রিল ২০২৬-এর আইসিসি মাসসেরা ক্রিকেটারের মুকুট এনে দিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ