| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার, চালক-সহকারী হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 1001 বার পঠিত
দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার, চালক-সহকারী হাসপাতালে ভর্তি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। পরে দীর্ঘ উদ্ধার অভিযানের মাধ্যমে বাসটি নদী থেকে তোলা হয়। ঘটনায় চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘এসবি সুপার ডিলাক্স’ নামের বাসটি ফেরিঘাটে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে থাকা যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো বড় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাম্পের সঙ্গে ধাক্কা খেয়ে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে কেবল চালক ও তার সহকারী ছিলেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিসসহ বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে র‍্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :

নিয়ন্ত্রণ হারিয়ে আবারো বাস পড়লো পদ্মায়

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া চালক ও সুপারভাইজারদের বর্তমানে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি বা কোনো যাত্রীর নিখোঁজ হওয়ার দাবি নিয়ে কেউ আসেনি।’

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাব এবং বিআইডব্লিউটিএ-এর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আজ বেলা পৌনে ১২টার দিকে নদী থেকে টেনে তোলার জন্য উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করেছে।

এর আগে গত ২৫ মার্চ একই ঘাট এলাকায় আরেকটি বাস দুর্ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪