২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে সরকারের মোট আয়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা।
বাজেটে রাজস্ব আয়ের প্রধান উৎস হিসেবে থাকছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যার মাধ্যমে আয়ের বড় অংশ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
বাজেট উপস্থাপনের পরদিন আয়-ব্যয়, রাজস্ব আহরণ, ঘাটতি অর্থায়ন এবং বিভিন্ন খাতের বরাদ্দ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ