গণরায় উপেক্ষা করে কোনো সরকার এগিয়ে যেতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে অনেক শক্তিশালী সরকার ক্ষমতায় এসেছে, তবে তারা যখনই গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখনই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের পরও জনগণের রায়ের বিরুদ্ধে শাসন কায়েমের চেষ্টা টেকেনি। ১৯৭০ সালের নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর না করার ঘটনা থেকেই ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনের মাধ্যমেই পরিবর্তন এসেছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং সেই রায়ের প্রতিফলন ঘটানো জরুরি। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এই প্রত্যাশা বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামতে দ্বিধা করবে না।
তিনি সবাইকে জনগণের পক্ষে থাকার আহবান জানিয়ে বলেন, সম্মিলিতভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এখনই। অন্যথায়, জনগণকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে নামতে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।