রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নার্গিস (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মাহিম। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের কারণে মা তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন।
এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ দুটি পড়ে থাকতে দেখা যায়। নিহত নার্গিসের স্বামী পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। দাম্পত্য ও পারিবারিক কলহের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।