রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাক ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাওয়ালার নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও পরিচয় শনাক্ত হয়নি আনুমানিক ৫৫ বছর বয়সী যাত্রীর।
গত শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মো. খাইরুল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি অটোরিকশার ওপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে অটোচালক ও যাত্রীকে বের করেন। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আশপাশের লোকজন ট্রাকের চালককে আটকে রেখে পুলিশে খবর দেন। চালককে উল্টো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে জানান, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটি ধরতে সে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।’
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।