ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসের একটি আদালতে মামলা করেছেন সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ২০১৫ সালে তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ এনে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মামলায় ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ডোমেনিকো সালাকেও অভিযুক্ত করা হয়েছে।
সে সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদের নির্বাচন থেকে তাকে দূরে সরিয়ে রাখতেই এই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। তৎকালীন সভাপতি সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে প্লাতিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী। কিন্তু নানা বিতর্কের মুখে তার ফুটবল ক্যারিয়ারে ছন্দপতন ঘটে এবং তিনি নির্বাচন থেকে ছিটকে পড়েন বলে দাবি করেন প্লাতিনির।
তারা প্রমাণ করতে চায় যে ফিফা সভাপতি হওয়ার পথে বাধা সৃষ্টি এবং তার সুনাম নষ্ট করতে একটি সমন্বিত প্রচেষ্টা চালানো হয়েছিল। ফৌজদারি মামলার পাশাপাশি তিনি ফিফার বিরুদ্ধে দেওয়ানি মামলা করে ক্ষতিপূরণ দাবি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান প্লাতিনির আইনি পরামর্শক দল।
মামলার সূত্রপাত ২০১১ সালে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের অনুমোদনে প্লাতিনিকে দেওয়া ২০ লাখ সুইস ফ্রাঁর একটি অর্থ প্রদানকে কেন্দ্র করে। এই অর্থ ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে পরামর্শক হিসেবে কাজের সঙ্গে সম্পর্কিত ছিল বলে জানা যায়।
২০১৫ সালে ওই লেনদেন নিয়ে তদন্তের পর প্লাতিনি ও ব্লাটার উভয়কে ফুটবল-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই সময় প্লাতিনিকে ফিফা সভাপতি পদের প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তার সরে দাঁড়ানোর পর ২০১৬ সালে ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আল রাজীব/ আয়না নিউজ