| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের উন্মাদনায় রঙিন টিকাটুলির ‘ফিফা গলি’

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 5068 বার পঠিত
বিশ্বকাপের উন্মাদনায় রঙিন টিকাটুলির ‘ফিফা গলি’

তানভীর খান : ঢাকার পুরান অংশের ব্যস্ত জনপদের মাঝেই যেনো ফুটবলের এক ক্ষুদ্র জগৎ। সরু একটি গলির দেয়ালজুড়ে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ও বর্তমান তারকাদের মুখচ্ছবি। বিশ্বকাপকে সামনে রেখে স্থানীয় তরুণদের উদ্যোগে টিকাটুলির কেএম দাস লেন এখন পরিচিতি পেয়েছে ‘ফিফা গলি’ নামে।

গলির প্রবেশমুখেই চোখে পড়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি। হাতে বিশ্বকাপ ট্রফি, অন্য হাতে গোল্ডেন বল। কিছুটা এগোলেই দেখা মেলে নেইমার জুনিয়র, পেলে, দিয়েগো ম্যারাডোনা, রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও বাংলাদেশের হামজা চৌধুরীর প্রতিকৃতি।

ফুটবলপ্রেমী স্থানীয় তরুণদের হাতে আঁকা এসব ম্যুরাল যেন বিশ্ব ফুটবলের ইতিহাস ও বর্তমানকে এক সুতোয় গেঁথে দিয়েছে।

গলিতে আসা দর্শনার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় শিশু-কিশোরদের। কেউ মেসির ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ আবার নেইমারের প্রতিকৃতির পাশে। বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, তারও প্রতিফলন মিলছে এই গলিতে।

২০২২ বিশ্বকাপেও এমন আয়োজন হয়েছিল। তবে এবার সেটি আরও বড় পরিসরে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতা এবং তরুণদের শ্রমে ধীরে ধীরে বদলে গেছে পুরো গলির চেহারা।

আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপ শুরুর আগেই সম্পূর্ণ সাজে সেজে উঠবে ‘ফিফা গলি’।

এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তুলির আঁচড়ে ফুটে উঠছে নতুন নতুন তারকার মুখ। প্রতিটি দেয়াল যেন ফুটবলের প্রতি ভালোবাসার একেকটি ক্যানভাস।

ফিফা গলির ইতিহাস:

টিকাটুলির কেএম দাস লেনে বিশ্বকাপ উপলক্ষে দেয়ালচিত্র আঁকার উদ্যোগ শুরু হয় ২০২২ সালে। স্থানীয় কয়েকজন ফুটবলপ্রেমী তরুণ নিজেদের উদ্যোগে গলির দেয়ালজুড়ে বিশ্ব ফুটবলের তারকাদের প্রতিকৃতি আঁকেন। সেই আয়োজন ব্যাপক সাড়া ফেললে এলাকাবাসী এটিকে নাম দেন ‘ফিফা গলি’। এরপর থেকে বিশ্বকাপ বা বড় ফুটবল আসর সামনে এলেই নতুন সাজে সেজে ওঠে এই গলি। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে আরও শিল্পকর্ম, আলোকসজ্জা ও দর্শনার্থীদের ভিড়।

বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আবেগ, উচ্ছ্বাস আর উদযাপনের নাম। আর সেই আবেগকেই রঙ-তুলির আঁচড়ে জীবন্ত করে তুলেছে টিকাটুলির এই ছোট্ট গলি। যেখানে ফুটবলের কিংবদন্তিরা যেন প্রতিদিনই দাঁড়িয়ে থাকেন ভক্তদের অপেক্ষায়।

বিশ্বকাপের বাঁশি বাজার আগেই ফুটবলের রঙে রঙিন হয়ে উঠেছে টিকাটুলির ‘ফিফা গলি’। স্থানীয়দের আশা, এই আয়োজন শুধু ফুটবলপ্রেমীদের নয়, রাজধানীর একটি অনন্য সাংস্কৃতিক আকর্ষণ হিসেবেও পরিচিতি পাবে।

তানভীর/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪