বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার। টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে সমালোচনা, রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়াকে ছাপিয়ে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ তার চিরন্তন আকর্ষণ ধরে রাখতে পারবে বলে আশা করছে ফিফা।
রেকর্ড ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে এবারের আসর, যা আয়তন ও অংশগ্রহণের দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে লক্ষাধিক সমর্থক তিন দেশে ভিড় জমাতে শুরু করেছেন।
আগামীকাল মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে প্রতিযোগিতা। স্বাগতিক মেক্সিকো স্থানীয় সময় বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট মেটলাইফ স্টেডিয়ামে।
এবারের বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়সী মেসি কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে পারবেন, নাকি ৪১ বছর বয়সী রোনালদো পর্তুগালকে প্রথম বিশ্বকাপ এনে দেবেন এই প্রশ্ন ঘিরেই উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও আছেন আলোচনায়, যিনি দলকে ১৯৬৬ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের পথে নিতে চান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আসরকে ‘পৃথিবী কখনো দেখেনি এমন সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী’ বলে অভিহিত করেছেন। তবে টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা দেখা দিয়েছে। ২০২২ বিশ্বকাপে যেখানে সবচেয়ে দামি টিকিট ছিল প্রায় ১,৬০০ ডলার, সেখানে এবার সেই মূল্য বেড়ে প্রায় ৩২,৯৭০ ডলারে পৌঁছেছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন, এত দামে তিনি নিজেও টিকিট কিনতেন না।
টুর্নামেন্ট ঘিরে রাজনৈতিক উত্তেজনাও আলোচনায় রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ও নিরাপত্তা উদ্বেগ বিশ্বকাপকে ঘিরে বাড়তি চাপ তৈরি করেছে। ইরানের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দেশটির বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ভিসা জটিলতার কারণে ইরানের কিছু কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি বলে অভিযোগ উঠেছে, যা তেহরান ‘বৈষম্যমূলক আচরণ’ হিসেবে অভিহিত করেছে।
এবারের বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে, ফলে গ্রুপ পর্বে প্রতিযোগিতার কাঠামোও পরিবর্তিত হয়েছে। প্রথম রাউন্ডে ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বাদ পড়বে মাত্র ১২টি দল। নকআউট পর্বে উঠবে ৩২টি দল, যার মধ্যে রয়েছে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচে কুলিং ব্রেক, দ্রুত বদলি প্রক্রিয়া এবং বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
ফাইনালে এবার সুপার বোল ধাঁচের হাফটাইম শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যেখানে ম্যাডোনা, শাকিরা ও বিটিএসের মতো তারকারা পারফর্ম করবেন। এর ফলে প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে হাফটাইম বিরতি বেড়ে প্রায় ২৫ মিনিট হতে পারে।
ফাইনাল ম্যাচে বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যা প্রচলিত বিরতির সময়সীমাকে বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।
আল রাজীব/ আয়না নিউজ