ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। সীমানা প্রাচীর না থাকায় পরিষদের উত্তর ও পশ্চিম পাশে টিনশেড ঘর ও টিনের বেড়া তুলে কিছু ব্যক্তি প্রকাশ্যেই ওই জমি দখল করে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের নিজস্ব প্রায় এক একর জমি রয়েছে। তবে দীর্ঘদিন ধরে ওই জমির একটি অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
অন্যদিকে, জমির দাবিদাররা দাবি করেছেন, তারা তাদের পৈত্রিক সম্পত্তির ওপরই ঘর তুলেছেন। তাদের ভাষ্য, ইউনিয়ন পরিষদের জমি তারা দখল করেননি। তবে সীমানা নির্ধারণ করা হলে যদি দেখা যায় নির্মিত ঘরটি পরিষদের জায়গার মধ্যে পড়েছে, তাহলে তারা স্বেচ্ছায় তা সরিয়ে নেবেন বলেও জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পরিষদের সংশ্লিষ্টরা।
তবে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে দ্রুত জমির সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়ানো যায়।
হাসান/ হাফিজ/ আয়না নিউজ