| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ দিন ধরে সীমান্তের শূন্য রেখায় পুশইন চেষ্টার শিকার ৫ যুবক

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 188 বার পঠিত
৬ দিন ধরে সীমান্তের শূন্য রেখায় পুশইন চেষ্টার শিকার ৫ যুবক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার অভিযোগে টানা ছয় দিন ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন পাঁচ যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে দুইজন ও ভন্দুরচর সীমান্তে ৩ জন। ঝড়-বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নিচে দিনের পর দিন রাত পার করছেন তারা। নেই তাদের প্রয়োজনীয় খাবার ব্যবস্থা কিংবা গোসল ও স্যানিটেশনের ব্যবস্থা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, বিজিবি এবং মানবাধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এদিকে দুই সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র) পাশাপাশি বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে তিন যুবককে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাঁধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের জায়গা হয় দু'দেশের সীমান্তের শূন্য রেখায় ভারতের অংশে। এরপর গত বুধবার সকাল থেকে দেখা মিলছে না দুই শিশু ও তাদের বাবা-মায়ের। স্থানীয়দের ধারণা, দুই শিশুসহ তাদের বাবা-মাকে রাতের আঁধারে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু তথ্য নিশ্চিত করতে পারেনি বিজিবি।

ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্তে নিয়ে আসে। এরপর থেকে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকটে তাদের মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। যথাযথ প্রমাণ ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব নয়। একই সঙ্গে বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা দ্রুত বিষয়টির মানবিক সমাধান দাবি করেছেন। তারা বলেন, সীমান্তে আটকে থাকা এসব মানুষের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪