রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত নূর ইসলাম মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তিনি এলাকায় অবস্থান করছিলেন এমন সময় চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ ও র্যাব। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চলছে।
হাফিজ/ আয়না নিউজ