নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জিয়া পরিষদের উদ্যোগে উপজেলার বালুয়া-বাসুয়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কের উভয় পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইতালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, সিংড়া পৌর এলাকা ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে তিনি জানান।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ