আফ্রিকার দেশ বুরুন্ডির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরার একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ সেনাসদস্য।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার মুসাগা এলাকায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদের ডিপোতে এ বিস্ফোরণ ঘটে, যার খবর প্রকাশিত হয় বুধবার (১ এপ্রিল)।
কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণের ফলে আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সামরিক সরঞ্জাম পুড়ে গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পোহান। পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজ বিলম্বিত হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
নিহতদের সবাই বেসামরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।