মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির নেতারা। তারা ট্রাম্পকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের জন্য ‘এক বিপদ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তার বক্তব্যকে ‘উদ্ভট, ভয়াবহ ও অশুভ’ বলে আখ্যা দিয়েছেন।
ওয়াশিংটন সময় বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ট্রাম্পের ভাষণে বিশেষ করে ইরানকে ‘পাথর যুগে’ ফিরিয়ে নেওয়ার হুমকির বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই প্রসঙ্গে কংগ্রেসউম্যান ইয়াসামিন আনসারি বলেন, এমন বক্তব্য শুধু অযৌক্তিকই নয়, বরং তা ভয়াবহ এবং অশুভ বার্তা বহন করে।
কংগ্রেসম্যান জিম হাইমস ট্রাম্পের ভাষণের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ভাষণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে ৫ ডলার বেড়ে গেছে। তিনি আরও বলেন, “তিনি আসলে কী বলেছেন, তা নিয়েই আমি এখনও নিশ্চিত নই। তবে সামাজিক মাধ্যমে আজ একটি উত্তাল পরিস্থিতি তৈরি হবে।”
অন্যদিকে সিনেটর ক্রিস ভ্যান হোলেন অভিযোগ করেন, ট্রাম্প দুই সপ্তাহ আগে ‘আমরা জিতেছি’ দাবি করে আমেরিকান জনগণের কাছে মিথ্যা বলেছেন। তিনি ট্রাম্পকে বিভ্রান্ত এবং বিপজ্জনক নেতা হিসেবে বর্ণনা করেন।
কংগ্রেসম্যান লয়েড ডগেট ট্রাম্পের ভাষণের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “তার বক্তব্যে সবচেয়ে বড় মিথ্যাটি নির্ধারণ করা কঠিন। তবে যুক্তরাষ্ট্রে ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’ এই দাবিটিই সম্ভবত সবচেয়ে বিভ্রান্তিকর।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ভাষণ শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতিতেও নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
সূত্র: আল-জাজিরা