ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়ে বলেছেন,শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে এলে একজনকেও যেন বাঁচিয়ে না রাখা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা সর্বাধিনায়ক আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করে যেখানে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তাকে বলতে শোনা যায়, “যদি শত্রুরা স্থল হামলার চেষ্টা চালায়। একজনও যেন বেঁচে না থাকে।”
“শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ আর গতিবিধির ওপর মুহূর্তের জন্য নজর না হারিয়ে আমাদের চরম সতর্ক থাকতে হবে; এবং তাদের আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।” বলেও নির্দেশনা প্রদান করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালে ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো গুলোকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় এক মাস যুদ্ধ গড়ানোর পর এখন ইরানে স্থল হামলার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে। এছাড়া আরও একটি বিমানবাহী রণতরী আনছে তারা।