লক্ষ্মীপুরে কাজের ফাঁকে বিশ্রামের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে রুবেল হোসেন (৩০) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) নামে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এনবিসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। তারা ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ইটভাটার শ্রমিকরা জানান, ইটভাটার পরিত্যক্ত টিনের ঘরের বিপরীত পাশে কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন বিশ্রামের জন্য বসে ধূমপান করেন। ঘামে ভেজা শরীর নিয়ে একজন পরিত্যক্ত টিনের ঘরে হেলান দিতেই বিদুৎস্পৃষ্ট হন। আর তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদুৎস্পৃষ্ট হন। ধারণা করা হয় সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ওই ঘরটি বিদ্যুতায়িত ছিল। পরে দুইজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।