| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রাসি ভ্যান ডার ডুসেন

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 2369 বার পঠিত
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রাসি ভ্যান ডার ডুসেন

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-এর হাইব্রিড কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পরই এই সিদ্ধান্ত নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় ডুসেন জানান, দেশের হয়ে খেলাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি লেখেন, গর্ব ও কৃতজ্ঞতা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন।

যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন, তবুও ঘরোয়া ক্রিকেটে লায়নস দলের হয়ে খেলা চালিয়ে যাবেন ডুসেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।

২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে তিন সংস্করণেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ওয়ানডে ক্রিকেটে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন ডুসেন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এবি ডি ভিলিয়ার্স-এর পর দ্বিতীয় সর্বোচ্চ গড় (৫০.১৩) নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি। ৬৫ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটির সাহায্যে করেছেন ২৬৫৭ রান।

২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কাপেও ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও সেই আসরে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স হতাশাজনক ছিল, তবুও ডুসেন ছিলেন দলের অন্যতম উজ্জ্বল পারফর্মার।

টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচে ১৪০৬ রান করেছেন তিনি, যেখানে ছিল ১০টি অর্ধশতক। টেস্ট ক্রিকেটে ৯০৫ রান করেছেন ৩০.১৬ গড়ে।

ক্যারিয়ারের শেষ বার্তায় ডুসেন তরুণদের উদ্দেশে বলেন, “বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনে নিজের সর্বোচ্চটা দাও।” দেশের প্রতি ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি আবেগের কথাও তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক পারফরম্যান্স আর দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য রাসি ভ্যান ডার ডুসেন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪