| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 2348 বার পঠিত
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় যাত্রা শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

রেলওয়ে সূত্রে জানা যায়, উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু করা হয়। প্রথমে হরষপুর স্টেশন থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়। এরপর শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ওসি সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সমন্বিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকাজ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি ছড়িয়ে পড়া জ্বালানি তেল নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।

উল্লেখ্য, বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের শাহপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও পাশের খালে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামতের মাধ্যমে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪