এডিনবরায় বৃষ্টিবিঘ্নিত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি ৮ ওভারে নেমে আসায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের ব্যাটার দিলারা আক্তার।
মাত্র ২২ বলে ফিফটি তুলে নিয়ে তিনি গড়েছেন বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল রুমানা আহমেদের, যিনি ২০১৯ সালে লাহোরে ২৮ বলে ফিফটি করেছিলেন।
এই ম্যাচে দিলারা ২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৮টি চার। তার ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৯৮ রান সংগ্রহ করে।
দিলারাকে ভালো সঙ্গ দেন জুয়াইরিয়া ফেরদৌস, যিনি ১৩ রান করেন। এছাড়া সোবহানা মোস্তারি ১১, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯ এবং স্বর্ণা আক্তার ৩ রান যোগ করেন।
নেদারল্যান্ডসের হয়ে ইরিস জলিং, হিদার সিয়েজার্স ও ফন ডেন রাদ একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে নেদারল্যান্ডস। ওপেনিং জুটিতে ৪.৩ ওভারের মধ্যেই তারা ৫২ রান তোলে। তবে এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
হিদার সিয়েজার্স ২১ এবং ডি লিডি ৩০ রানে ফিরলে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসে ম্যাচ। দুই উইকেটই নেন ফারিহা তৃষ্ণা।
পরবর্তীতে রবিন রিজকে ২১ ও ফ্রেদেরিক ওভারডাইক ৯ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণার পাশাপাশি দুটি উইকেট নেন রিতু মনি।
শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৮৫ রানে আটকে দিয়ে ১৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।
হাফিজ/ আয়না নিউজ