ইংলিশ ক্লাব চেলসির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের একজন ববি ট্যাম্বলিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
১৯৫৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত চেলসির হয়ে তিনি ৩৭০ ম্যাচে ২০২ গোল করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছিলেন, যা ২০১৩ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ভেঙে দেন।
রেকর্ড হারানোর পরও ট্যাম্বলিং ছিলেন হাস্যরসাত্মক। একবার তিনি বলেছিলেন, ল্যাম্পার্ডের সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, কারণ তারা দুজনই জানতেন—একদিন এই মুহূর্ত আসবেই। মজা করে তিনি ল্যাম্পার্ডকে দ্রুত রেকর্ড ভাঙার আহ্বানও জানিয়েছিলেন।
তবে চেলসির ইতিহাসে একটি অনন্য কীর্তি এখনও তার দখলেই আছে। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করে তিনি ক্লাবের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন।
মাত্র ১৭ বছর বয়সে চেলসির মূল দলে অভিষেক হয় ট্যাম্বলিংয়ের। ১৯৬৫ সালের লিগ কাপ ফাইনাল এবং ১৯৬৭ সালের এফএ কাপ ফাইনালেও তিনি গুরুত্বপূর্ণ গোল করেন।
ইংল্যান্ড জাতীয় দলে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলে জায়গা পাননি তিনি।
চেলসি ছাড়ার পর তিনি খেলেন ক্রিস্টাল প্যালেসে। পরে আয়ারল্যান্ডে ক্যারিয়ার শেষ করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কোচ ও ম্যানেজার হিসেবেও কাজ করেন।
জীবনের শেষ সময়ে তিনি ডিমেনশিয়া রোগে ভুগছিলেন।
হাফিজ/ আয়না নিউজ