রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাগুলো বহাল থাকবে। ৬ শিশুর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রত্যেক শিশুর পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বলেন, এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন লাইসেন্স বাতিল হবে না, স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা (আগামী ৯ জুন পর্যন্ত) সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে শনিবার রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণায় বলা হয়, ভুক্তভোগী পরিবারগুলো (আজীবন ফ্রি চিকিৎসা) বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে পাবেন এবং আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠা যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও থাকবে। এমনকি পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগ দেওয়া হবে।
সূর্যয় / আয়না নিউজ