কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে সরকার। প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্ট-আপ তহবিল’ গঠনের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করছে সরকার।
এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট সিটি নির্মাণ, নাগরিক সেবাকে আরও জনবান্ধব করা এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্ট-আপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআইভিত্তিক উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পাশাপাশি সরকারি পরিকল্পনা ও সেবা ব্যবস্থাপনায় এআই-চালিত ডেটা সেন্টার ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে নাগরিক সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আগামী অর্থবছরে ৫০০ কোটি টাকার যে স্টার্ট-আপ তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে, তা নতুন উদ্যোক্তা তৈরি, নারী উদ্যোক্তা বিকাশ, নারী উন্নয়ন এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবহার করা হবে।
অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ উদ্ভাবননির্ভর, প্রযুক্তি-সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরের পথে আরও এগিয়ে যাবে।উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)সহ মোট উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।
অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
রিয়াদ খান/আয়না নিউজ