জাতীয় সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার একটি রাজনৈতিক সংস্কৃতি চালু করেছিলো আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে বিরোধী মতের প্রতি সম্মান দেখানোর পরিবর্তে তাদের অবমূল্যায়ন ও কটাক্ষ করার প্রবণতা দীর্ঘদিন ধরে চলেছে।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতীতে জাতীয় সংসদে বিরোধী দলকে যথাযথ মর্যাদা না দিয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি ও তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এতে রাজনৈতিক সহনশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চার বিকাশ প্রয়োজন। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে।
জামায়াত আমির বলেন, দেশের জনগণ এখন দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাজনীতি দেখতে চায়। রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী আচরণ করা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া।
সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
হাফিজ/ আয়না নিউজ