পাবলিক পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার করে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা রোধে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে এবং এতে শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে।
শুক্রবার (১৯ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও পরীক্ষার গ্রহণযোগ্যতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পরীক্ষায় নকলের কৌশলও পরিবর্তিত হচ্ছে। তাই এসব অপরাধ প্রতিরোধে আইনি কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, মোবাইল ফোন, স্মার্ট ডিভাইস, ব্লুটুথ প্রযুক্তি কিংবা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষায় নকলের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নতুন বিধানে এ ধরনের অপরাধকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পরীক্ষার্থীদের সততা ও নৈতিকতার সঙ্গে পরীক্ষায় অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নকলের মাধ্যমে অর্জিত সাফল্য কখনোই প্রকৃত শিক্ষা বা দক্ষতার বিকল্প হতে পারে না।
তিনি আশা প্রকাশ করেন, নতুন আইন কার্যকর হলে প্রযুক্তিনির্ভর নকলের প্রবণতা কমবে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় আরও শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
হাফিজ/ আয়না নিউজ