মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন ও সরকারের সিদ্ধান্তে সৃষ্ট গ্রাহক ভোগান্তি নিরসন ও দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে।
সংগঠনটি বলছে, এনইআইআর বাস্তবায়নের ফলে সারাদেশে মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যবসায়ীদের আন্দোলন, বিটিআরসি ও সরকারের দিক থেকে একেকবার একেক ধরনের সিদ্ধান্ত গ্রহণের ফলে গ্রাহকরা চরম বিপাকে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের আন্দোলনের ফলে গ্রাহক ভোগান্তি নিরসন ও দ্রুত সমাধান করতে হবে।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের চলমান আন্দোলনের কারণে সারাদেশে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নতুন হ্যান্ডসেট কেনা, ওয়ারেন্টি সেবা, রিপেয়ারিং ও যন্ত্রাংশ পাওয়া—সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে জরুরি যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
একই সঙ্গে গ্রে মার্কেট সক্রিয় হয়ে প্রতারণা ও অতিরিক্ত দামের ঝুঁকিও বাড়ছে। আমরা মনে করি, কোনো নীতিগত অসন্তোষের কারণে গ্রাহকদের ভুক্তভোগী করা উচিত নয়। গ্রাহক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।