রোবট্যাক্সিটি লুসিড গ্র্যাভিটি এসইউভিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এতে অত্যাধুনিক স্বয়ংচালিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রকল্পটি ছয় মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত হচ্ছে। উবার এতে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং লুসিডের কাছ থেকে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
উবার, লুসিড ও নুরো জানিয়েছে যে রোবট্যাক্সিটি ইতোমধ্যেই জনসাধারণের সড়কে পরীক্ষামূলকভাবে চলেছে। চলতি বছরই সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।
গাড়িটিতে রয়েছে উচ্চ রেজোলিউশনের ক্যামেরা, সলিড-স্টেট লিডার ও রাডার প্রযুক্তি। এসব সেন্সর গাড়ির ছাদে থাকা ‘হালো’ অংশে সংযুক্ত করা হয়েছে। গাড়ির স্বয়ংচালিত সিস্টেম পরিচালিত হচ্ছে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স থর কম্পিউটারের মাধ্যমে।
হালোতে থাকা এলইডি লাইট যাত্রীদের দূর থেকে গাড়ি শনাক্ত করতে সাহায্য করবে। গাড়ি তৈরি হওয়ার সময়ই এসব প্রযুক্তি সংযোজন করা হচ্ছে, যা লুসিডের অ্যারিজোনার কারখানায় সম্পন্ন হচ্ছে।