| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিগত সরকারের অব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 3762 বার পঠিত
বিগত সরকারের অব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের দীর্ঘ সাড়ে পাঁচ বছর হামের নিয়মিত ক্যাম্পেইন না চালানোর কারণে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে সংসদ সদস্য আকতার হোসেনের জরুরি নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর অন্তর হাম-রুবেলার ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত সাড়ে পাঁচ বছর কোন কার্যক্রম হয়নি। এর ফলে বিপুল সংখ্যক শিশু নিয়মিত টিকাদান থেকে বঞ্চিত হয়েছে এবং বর্তমানে হামের প্রকোপ বেড়েছে। এছাড়া পূর্ববর্তী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে টিকার মজুতেও সংকট তৈরি হয়েছিল।

বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সরকার জরুরি ভিত্তিতে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় ১২ লাখ শিশুকে টিকাদানে আনার জন্য ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে। প্রথম ধাপে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। প্রথম দিনেই ৩০টি উপজেলায় ৭৬ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৩ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা ৯৬ শতাংশ অর্জন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনে এবং ৩ মে থেকে সারা দেশের অবশিষ্ট জেলা ও সিটি কর্পোরেশনগুলোতে এই কর্মসূচি শুরু হবে। টিকাদানের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হচ্ছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। বিশেষ করে রাজশাহীতে আরও ২৫০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হচ্ছে। আইসিইউ ও ভেন্টিলেটরসহ দ্রুত অক্সিজেন সরবরাহের জন্য মাত্র ৩০০ টাকায় সাশ্রয়ী অক্সিজেন ইনফ্লো সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক, ডব্লিউএইচও এবং ইউনিসেফ এই সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া করোনাকালীন সাশ্রয় হওয়া ৬০৪ কোটি টাকা ব্যবহার করে অতিরিক্ত হামের টিকা সংগ্রহ করা হচ্ছে। মাঠ পর্যায়ে সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে নিবিড় তদারকি নিশ্চিত করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪