দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদান ধারাবাহিক রাখতে সরকার প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ৪৮তম বিসিএসের মাধ্যমে ২৯৮৪ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ১৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫-এ ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ পেয়েছেন।
মন্ত্রী বলেন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা-ইউনিয়ন পর্যায়ে মোট ১৯৬টি পদে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী নিয়োগের সুযোগ রয়েছে। বর্তমানে ১৩৮ জন কর্মরত এবং ৫৮টি পদ শূন্য রয়েছে। নার্সদের ক্ষেত্রে ৩৬টি পদের মধ্যে ৩৫টি পদ পূর্ণ এবং একটি শূন্য। অন্যান্য গ্রেডে মোট ১২৭টি পদ শূন্য থাকলেও শূন্য পদ পূরণের কার্যক্রম ইতোমধ্যে চলমান।
মন্ত্রী আশ্বাস দেন, ধারাবাহিকভাবে নিয়োগ ও পদায়নের মাধ্যমে সব শূন্য পদ পর্যায়ক্রমে পূরণ করা হবে।