মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে না বলে দাবি করেছে ইসরায়েল। মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর স্বল্প সময়ের ব্যবধানে প্রকাশিত এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও ইসরায়েল জানিয়েছে, “পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দাবির বিপরীতে এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।”
বুধবার (৮ মার্চ) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করবে, এমন শর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে ইসরায়েল।
তাতে আরও বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টাকেও সমর্থন করে, যার লক্ষ্য হলো নিশ্চিত করা যে ইরান আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের আরব প্রতিবেশী দেশগুলো এবং বিশ্বের জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে না থাকে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে যে, তারা আসন্ন আলোচনায় এই লক্ষ্যগুলো অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইসরায়েলের আঞ্চলিক মিত্রদের অভিন্ন লক্ষ্য।
সবশেষে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় স্পষ্ট করে জানায়, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।
যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য।
রিয়াদ/ হাফিজ/ আয়না নিউজ