আজ বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এক্সবার্তায় মোঘাদাম বলেন, “ইসরায়েলে ক্ষমতাসীনরা কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে যুদ্ধাবসান সংলাপ নিয়ে ইরানি জনগণ সন্দিহান সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুধ বাঁধার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে এ যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। যুদ্ধাবসানের জন্য গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান সেটি প্রত্যাখ্যান করার পর চলতি এপ্রিলের শুরুর দিকে সেই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ ফের তেহরানে পাঠানো হয়।
সংশোধিত প্রস্তাব পর্যালোচনা করে ৪৫ দিনের পরিবর্তে ১৪ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব করে ইরান। সেই সঙ্গে মার্কিন প্রস্তাবের পাল্টায় যুক্তরাষ্ট্রকে ১০ দফা দাবি সম্বলিত একটি প্রস্তাবনাও পাঠায়। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনকে হস্তান্তর করা হয়েছে। এই দুই প্রস্তাবের ওপর ভিত্তি করেই ইসলামাবাদে সংলাপের আয়োজন করা হয়েছে। আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলকে ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পার্লামেন্টর স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল শিগগির ইসলামাবাদে রওনা দেবে।
এফ এ / আয়না টিভি