দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ভয়াবহ গণগুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে একাধিক গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে আসে। পরে তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে থাকা বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। হামলার পর তারা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম উচ্চ হত্যাকাণ্ডের হার রয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ নিহত হন। বিশেষ করে বস্তি এলাকায় গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে।
এছাড়া দেশটিতে আনুমানিক ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সমপরিমাণ অবৈধ অস্ত্রও থাকতে পারে বলে বিভিন্ন অস্ত্র অধিকার সংগঠনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ